রোববার (৭ ডিসেম্বর) উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত মুন্সীগঞ্জের তিনটি উপজেলাসহ দেশের ৩০টি উপজেলায় একযোগে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মুন্সীগঞ্জের একটি পৌরসভা ও তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ৪৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। এর মধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়নে ১৬টি কেন্দ্র, লৌহজং উপজেলার ৫টি ইউনিয়নে ১৩টি কেন্দ্র এবং শ্রীনগর উপজেলার ৬টি ইউনিয়নে ১৮টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট ১০ হাজার ৯৫০ ভায়াল টিকা সরবরাহ করা হয়েছে। প্রাথমিকভাবে আগামী তিন সপ্তাহে প্রায় ১ লাখ ৯ হাজার শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১ জন এবং এপিডেমিওলজিক্যালি ১৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই শিশু এবং তাদের মধ্যে বর্তমানে ৪ জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
সিএ/এএ


