জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল না পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও উত্তেজনা, আবার কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটছে।
শনিবার (৬ ডিসেম্বর) দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি। কিশোরগঞ্জ শহরতলির কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের হিমু ফিলিং স্টেশনে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের লাইন দেখা গেছে। সকাল ৬টায় লাইনে দাঁড়িয়েও অনেক চালক দুপুর ১২টার আগে তেল পাননি। কেউ কেউ মোটরসাইকেল না এনে শুধু ট্যাংক খুলে এনে তেল সংগ্রহ করছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মাত্র ৫০০ টাকার তেল নিয়ে ফিরতে হচ্ছে অনেককে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তীব্র রোদ উপেক্ষা করে শত শত মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে থাকেন। দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষার পরও অনেকে প্রয়োজন অনুযায়ী তেল পাননি। এতে শারীরিক অসুস্থতায় ভুগছেন কয়েকজন চালক। সীমিত পরিমাণে তেল বিক্রির কারণে সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
খুলনার ডুমুরিয়ায় তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছে যায়। সিরিয়াল ভঙ্গ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করে।
মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে সংকট মোকাবিলায় কিছু এলাকায় ফুয়েল কার্ড চালু করা হয়েছে। বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেল মালিকদের কার্ডের মাধ্যমে তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও এতে সময়ক্ষেপণ বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানী ঢাকাতেও পরিস্থিতি ভিন্ন নয়। ছুটির দিনেও বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। অনেক ক্ষেত্রে লাইনের শেষ অংশ প্রধান সড়কে গিয়ে পৌঁছেছে। সরবরাহ অনিয়মিত থাকায় দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে পাম্পগুলোতে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিতরণে শৃঙ্খলা আনতে ট্যাগ অফিসার নিয়োগ করলেও বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। অনেক ক্ষেত্রে চালকরা লাইন ভেঙে তেল নেওয়ার চেষ্টা করছেন, যা থেকে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।
সার্বিকভাবে, জ্বালানি তেলের সংকট দেশের পরিবহন খাতসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
সিএ/এএ


