মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প উৎস থেকে আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে জাহাজটি বন্দরে ভিড়ে।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি যুদ্ধ শুরুর পর ডিজেল বহনকারী নবম জাহাজ, যা চট্টগ্রাম বন্দরে এসেছে। জাহাজটিতে থাকা জ্বালানি সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, শুক্রবার দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়ানো হয়। এ সময় বিপিসির কর্মকর্তারা জাহাজটি পরিদর্শনের জন্য উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।
তিনি আরও জানান, জাহাজটিতে মোট ২৭ হাজার ৩০০ টন ডিজেল রয়েছে। একই সময়ে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি বড় জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে, যেগুলো পর্যায়ক্রমে জেটিতে ভিড়বে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বন্দর ও বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, দেশে জ্বালানির ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জাহাজ একে একে বন্দরের জেটিতে ভিড়ছে এবং ভবিষ্যতেও এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিএ/এএ


