খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের আহমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিলি কুন্ডু খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা হলেও স্বামীর সঙ্গে বাগেরহাটের রামপাল এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিকিৎসা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত অমর কুন্ডুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিএ/এমআর


