অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি পুরোপুরি বাতিল করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে সংসদের বিশেষ কমিটি প্রতিবেদন জমা দেবে।
রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।
কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে সব অধ্যাদেশকে আইনে রূপান্তর করা সম্ভব হবে না। যেসব অধ্যাদেশ সময়ের সীমাবদ্ধতার কারণে বাতিল হবে, সেগুলো পরে সংশোধন করে বিল আকারে সংসদে তোলা হবে।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ নতুনভাবে আইনে রূপান্তরের প্রয়োজন নেই।
অন্যদিকে বিরোধীদলীয় সদস্যরা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তারা নোট অব ডিসেন্ট দিয়ে জানিয়েছেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার প্রভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে নিয়ে যাচ্ছে। বিরোধীদলীয় চিফ হুইপ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সিএ/এমআর


