রাজবাড়ীতে জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। এমন পরিস্থিতিতে এক যুবককে প্রায় ১৫ কিলোমিটার মোটরসাইকেল ঠেলে বাড়ি ফিরতে হয়েছে।
জানা যায়, শুক্রবার ছুটির দিনে জরুরি কাজে মোটরসাইকেল নিয়ে বের হন হৃদয়। পথে তেল কম থাকায় একটি পাম্পের দিকে রওনা দেন তিনি। কিন্তু পাম্পে পৌঁছানোর আগেই মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। পরে সেটি ঠেলে পাম্পে পৌঁছালেও সেখানে তেল না থাকায় বাধ্য হয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয় তাকে।
এদিকে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেলের সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন চালকেরা। কোথাও তেল এলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হচ্ছে।
রাজবাড়ীর বিভিন্ন পাম্পে গিয়ে দেখা গেছে, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি কয়েকশ মিটার পর্যন্ত বিস্তৃত। কিছু সময়ের জন্য তেল সরবরাহ এলেও দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ফলে ভোগান্তি কমছে না।
দূরবর্তী এলাকা থেকে তেল নিতে আসা একাধিক চালক জানিয়েছেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না। এতে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।
একটি ফিলিং স্টেশনের কর্মী জানান, ঈদের সময় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় তেলের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অল্প সময়েই বিপুল পরিমাণ তেল বিক্রি হয়ে যাচ্ছে, যা সংকটের অন্যতম কারণ।
সিএ/এমআর


