যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত পদক্ষেপে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এই ঘটনা ঘটে। যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি যাত্রা শুরুর আগে গ্যাস পাইপলাইনে ত্রুটি শনাক্ত হয় এবং তা মেরামতের পর যাত্রা শুরু করে।
পরে সদর উপজেলার দাইতলা এলাকায় পৌঁছালে পুনরায় পাইপলাইনে সমস্যা দেখা দেয় এবং অল্প সময়ের মধ্যেই বাসে আগুন ধরে যায়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে দ্রুত বেরিয়ে আসেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে বাসটি আগুনে পুড়তে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজকেই আগুন লাগার কারণ হিসেবে ধরা হচ্ছে।
সিএ/এমআর


