রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২১ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের খোঁজে সকাল থেকেই আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন সংস্থার সদস্যরা।
এর আগে বুধবার ২৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা পানিতে তলিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যরা। তারা সমন্বিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত এ কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিএ/এমআর


