কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এই জামাতকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এ বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়, যেখানে মুসল্লিরা অংশ নেন গভীর ভক্তি ও আন্তরিকতায়।
শোলাকিয়ার দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সময়সূচির সংকেত দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছোড়া হয়, যা মুসল্লিদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত।
মুসল্লিদের যাতায়াত সহজ করতে এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরব ফিরে যায়।
অন্যদিকে ‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ৩টায় ময়মনসিংহে পৌঁছায়।
সিএ/এমআর


