বাগেরহাটের কচুয়া উপজেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আসামি নাদিম শেখ (৩৩) খলিশাখালী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি দস্যুতা মামলাসহ এলাকায় মারধর, চাঁদাবাজি ও দখলসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল নাদিম শেখকে গ্রেফতার করে নিয়ে আসছিল। এ সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় পুলিশ কনস্টেবল রাজু খান গুরুতর আহত হন। তার ডান হাতে গভীর আঘাত লাগে। এ সুযোগে নাদিম ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নাদিমকে গ্রেফতার করে পুলিশ। যখন নিয়ে আসতেছিল, তখন তার ভাই অতর্কিত হামলা করে আমাদের পুলিশ সদস্যদের উপর। এতে পুলিশ সদস্য রাজু খান গুরুতর জখম হয়। অপরাধিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএ/এমআর


