রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা সূচি (১০) নিহত হওয়ার ঘটনায় চালক মো. ফারুক মোল্লাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আজ বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি।
কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সকালে উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাইজাকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দেওয়ার পর চালক গাড়ি থামিয়ে পুনরায় ফাইজার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। স্থানীয়রা গাড়িটি আটক করে ফাইজাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন ফাইজার বাবা ফাইজুল ইসলাম তুরাগ থানায় মামলা করেন।
রায়ে অসন্তোষ প্রকাশ করে ফাইজার বাবা ফাইজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সাত বছর পর রায় পেলাম। সড়ক পরিবহন আইনে সাজার এই পরিমাণ অপর্যাপ্ত। আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আইনটি যুগোপযোগী নয় ও অত্যন্ত দুর্বল।’
সিএ/এমই


