টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে শপথপত্র তুলে দেন। নতুন মন্ত্রী হিসেবে আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রুলস অব বিজনেস অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন করেছেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে বিএনপি সরকারের সময়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী কায়সার কামালও আজ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচনের পর তাঁদের জায়গায় আহমেদ আযম খান ও মীর হেলাল দায়িত্বভার গ্রহণ করেছেন।
মন্ত্রিপরিষদের নতুন বিন্যাস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ৪৯ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন।
সিএ/এমই


