জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত অভিযোগপত্র জমা দেওয়া হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলার আবেদনটি দাখিল করা হয়। অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়বস্তু শুনে ও পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।
মামলার আবেদনকারী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে। অভিযোগপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি পুলিশ হত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারের মন্ত্রিসভায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা অন্তর্ভুক্ত হন। তাদের মধ্যে একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সরকারে দায়িত্ব পালনের সময় তিনি প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করেন।
সিএ/এমআর


