দিনাজপুরের হাকিমপুরে পুলিশ সুপারের (এসপি) ভাড়া করা মাইক্রোবাসের চালককে মারধর ও যাত্রীবাহী বাস দিয়ে সড়ক অবরোধের অভিযোগে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘটে গতকাল শনিবার রাত ১০টার দিকে হাকিমপুর পৌরশহরের চারমাথা মোড় এলাকায়।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেনের ভাড়া করা মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিক (৩২) বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার কারণে হিলি চারমাথা মোড় ও হিলি-ঘোড়াঘাট ও হিলি-জয়পুরহাট আঞ্চলিক পাকা সড়কে দূরপাল্লা ও স্থানীয় যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
গ্রেপ্তার হাফিজুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার তোতা মিয়ার ছেলে। তিনি এস আর ট্রাভেলসের চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন ছুটিতে নওগাঁয় গিয়ে গ্রামের বাড়িতে ছিলেন। ছুটি শেষে তিনি নওগাঁ থেকে শ্বশুরবাড়ি জয়পুরহাট হয়ে ভাড়া করা মাইক্রোবাসে ঠাকুরগাঁও ফিরছিলেন। পথে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় জয়পুরহাট-হিলি পাকাসড়কে পেছন থেকে আসা যাত্রীবাহী এস আর ট্রাভেলস মাইক্রোবাসকে অতিক্রম করার সময় মাইক্রোবাসটিকে পাশে চাপিয়ে দেয়। এতে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হওয়ার উপক্রম হয়।
এরপর মাইক্রোবাসের চালক ও বাসচালকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে যাত্রীবাহী বাসচালক হিলি চারমাথা মোড়ে বাস দিয়ে সড়ক অবরোধ করেন এবং মাইক্রোবাসের চালক আবু বক্কর সিদ্দিককে মারধর ও গালিগালাজ করেন। স্থানীয় পরিবহন চালকেরা চারমাথা মোড় পুরোপুরি বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় পরিবহন চালকেরা রাতে থানায় গিয়ে মিছিল ও বিক্ষোভ করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, বাসচালক হাফিজুল ইসলামকে আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে।
সিএ/এমই


