ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দুটি সংগঠন। বিক্ষোভকারীরা ইরানে চলমান হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি এ ঘটনার আন্তর্জাতিক বিচার দাবি জানিয়েছেন।
শুক্রবার ( ৫ ডিসেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় ‘বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম’ ও ‘ইসলামী ঐক্যজোট’ নামের দুটি সংগঠন বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা ইরানে হামলার নিন্দা জানান এবং তা দ্রুত বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ঐক্যজোটের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এই হামলা বন্ধ করার পাশাপাশি ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ও কালো পতাকা দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে হামলার প্রতিবাদ জানান।
পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ‘বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সিএ/এমই


