গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রায় ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীপুর উপজেলায় বিভিন্ন সড়ক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ন কাজের সূচনা হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় চারটি প্রকল্পের আওতায় মোট ছয়টি সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। পল্লী উন্নয়ন ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় শিমলাপাড়া-জয়নাতলী-বড়বাইদ সড়ক ইউনিব্লক দ্বারা উন্নয়ন করা হবে। সড়কটির দৈর্ঘ্য ৩ হাজার ৫৮৫ মিটার এবং প্রস্থ ৩ মিটার। মেসার্স শাহ এন্টারপ্রাইজের অধীনে চলতি বছরের মে মাসের মধ্যে এই সড়কের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিডিআরআইডিপি) আওতায় গোসিংগা ইউপিসি বাউনী বাজার থেকে ইজ্জতপুর বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও পুনর্বাসন করা হবে। এ সড়কের দৈর্ঘ্য ৫৫০ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ৫ মিটার। একই প্রকল্পের অধীনে ধনুয়া-মাওনা বাজার সড়ক মেরামত ও প্রশস্তকরণ করা হবে, যার দৈর্ঘ্য ১ হাজার ৫৫০ মিটার এবং প্রস্থ ৫ মিটার।
এছাড়া ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় রাজবাড়ী ইউপিসি (আরএইচডি নালিয়ারটিকি) থেকে ফাইগান কলিঘাট বাজার (শ্রীপুর অংশ) পর্যন্ত সড়ক মেরামত করা হবে। এই সড়কের দৈর্ঘ্য ৪ হাজার ১৩০ মিটার এবং প্রস্থ ৪ দশমিক ২০ মিটার।
পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় মাওনা জিসি থেকে গাজীপুর বাজার জিসি সড়ক মেরামতের কাজও শুরু হয়েছে। সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৮১১ মিটার এবং প্রস্থ ৫ মিটার। একই কর্মসূচির আওতায় মাওনা চৌরাস্তা থেকে উজিলাব সড়ক মেরামতের কাজও হাতে নেওয়া হয়েছে, যার দৈর্ঘ্য ২ হাজার ১০৫ মিটার এবং প্রস্থ ৩ মিটার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব সড়ক উন্নয়ন কাজ আগামী মে মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
শ্রীপুর পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, পৌরসভা এলাকার বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় দুটি সড়ক উন্নয়ন কাজও শুরু হয়েছে। এর মধ্যে শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী অভিমুখী ১২০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। একই প্রকল্পের অধীনে শ্রীপুর-মাওনা ডিবি সড়ক থেকে কলিমুদ্দিন চেয়ারম্যান বাড়ি (আনসার রোড) অভিমুখী ১২০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের কাজ করা হবে।
সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, উপজেলা ও পৌরসভা এলাকায় সাতটি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২২ কোটি ৮১ লাখ টাকার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘ধাপে ধাপে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। এসব নতুন সড়ক নির্মিত হলে পৌরসভা এবং উপজেলাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’
সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিএ/এএ


