নাটোরের সিংড়া উপজেলায় একটি গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত প্রায় ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ মার্চ) নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন কালিগঞ্জ ফাঁড়ির কনস্টেবল আশরাফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার রায় এবং সিংড়া থানার এসআই নেজাম ইসলাম। তাদের মধ্যে আশরাফুল ইসলামকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই পুলিশ সদস্য বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের বাসিন্দা সিয়াম আলী সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে তাকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ। তবে নিহতের পরিবারের সদস্যরা এতে বাধা দেন। এ সময় হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদ দেখাতে বললে পরিবারের পক্ষ থেকে তা দেখাতে অপারগতা প্রকাশ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় কিছু লোক পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর জানান, হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, প্রয়োজনীয় পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয়রা পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। পরে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। তিনি জানান, ঘটনার মূল উসকানিদাতাদের শনাক্ত করার কাজ চলছে।
সিএ/এএ


