যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক বৈদেশিক এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদল বৈঠক করে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাষ্ট্রদূতের বাসায় সকাল ১১টায় বৈঠক শুরু হয় এবং ১১টা ৫০ মিনিটে শেষ হয়।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন আবদুল মঈন খান, নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ এবং নিপুণ রায় চৌধুরী। বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। নতুন সরকার আসায় তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশে এসে আমাদের নীতিমালা, ভবিষ্যৎ কর্মপন্থা এবং অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিষয়ে আলোচনা করতে এসেছেন।’
বিএনপি নেতা আরও বলেন, ‘আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, তা মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালা সংক্রান্ত বিষয়।’ তিনি জানান, বৈঠকে বিশ্বের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট ও সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকের পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জিয়া উদ্যানে গিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।
সিএ/এমই


