টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়ার পর হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৪ মার্চ) রাতে গাজীপুরার সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীর নাম মাইন উদ্দিন (৩২)। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাইন উদ্দিনসহ আরও দুইজন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছিল।
এক পথচারীকে রক্তাক্ত করে সর্বস্ব ছিনতাই করার সময় ভুক্তভোগী ও স্থানীয়রা তাকে ধরে ফেলে। ছিনতাইকারীর ডাক চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে তাকে আটকে গণধোলাই দেয়। উত্তেজিত জনতা শেষে ছিনতাইকারীর হাতের কবজি কেটে ফেলে।
ভুক্তভোগী (নাম জানা যায়নি) গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতার হাতে আটক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, জনতার হাতে আটক ছিনতাইকারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিএ/এএ


