ঢাকা: বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের পরিবর্তন শুরু হয়েছে। এই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, নতুন সরকারের নিজস্ব পরিকল্পনা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করতে এই পদক্ষেপ নিয়েছেন।
আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার আমলে দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তাঁর সঙ্গে দুদক কমিশনার পদে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। বিএনপির নতুন সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ পর আজ মঙ্গলবার তিনজনই মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, “পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। নতুন সরকারের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে হয়তো আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন প্রয়োজন হতে পারে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।” তিনি আরও যোগ করেন, কমিশন ও রাষ্ট্রের উপকারের জন্য নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া প্রয়োজন।
দুদক চেয়ারম্যান দায়িত্ব পালনকালে সাধ্যমতো চেষ্টা করেছেন দাবি করে তিনি বলেন, “যতটা সফল হয়েছি, তা জনগণই বিচার করবেন। গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”
সিএ/এমই


