মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েত রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।
যাত্রীদের পরবর্তী ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, মঙ্গলবারও মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিএ/এমআর


