শেয়ারবাজারে কারসাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। নতুন করে আগামী ২০ মে তারিখ নির্ধারণ করেছে আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার এ আদেশ দেন। নির্ধারিত দিনে দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় সময় বাড়ানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বিও হিসাবের মাধ্যমে কারসাজি করে নির্দিষ্ট শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতেন। অভিযোগ অনুযায়ী, এতে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকার বেশি আত্মসাৎ হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ১৭টি ব্যাংক হিসাবে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। সংশ্লিষ্ট শেয়ারে বিনিয়োগের মাধ্যমে মার্কেট ম্যানিপুলেশনে সক্রিয় অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
সিএ/এমআর


