জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই আবেদন করেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আজ আদালতে হাজির করা হয় গ্রেপ্তারকৃত আসামি রাশেদ খান মেনন ও কামরুল ইসলামকে।
মামলায় উল্লেখ করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। ১১ মার্চ আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।
সিএ/এমই


