নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, ‘কেউ যেন ফ্যাসিবাদীদের অনুসরণ না করেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি ও কৃষক কার্ড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মকাণ্ডে বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কারো বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে পুলিশে দেওয়া হবে।’
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বারহাট্টা উপজেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. আনোয়ারুল হক আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ছিল বিএনপির। সে অনুযায়ী কাজ শুরু করেছে সরকার। মনে রাখতে হবে, এই নির্বাচনই শেষ নয়, পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। সেই নির্বাচনেও বিএনপিকে জিততে হবে। এই জন্য সবাইকে মানুষের সাথে মিশে যেতে হবে। গরিব-দুঃখী মানুষকে সাহায্য করতে হবে। সততার সাথে কাজ করতে হবে।’
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সততা, স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমলের সঞ্চালনায় সভায় জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান দুদু, ইমরান হোসেন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, শামছ উদ্দিন আহমেদ বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
সিএ/এএ


