ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে এক তরুণ লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভিডিওতে দেখা যায়, একজন তরুণ লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব হিসেবে তাকে চিহ্নিত করেছেন তাঁর সহপাঠীরা। ভিডিওতে আরও একজন ছাত্র দেখা যায়, যিনি থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শাহরিয়ার তুষার বলে পরিচিত।
তবে ওই দুই ছাত্রের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাতে রাকিবকে ফোন করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তুষারের ফোনে কল দিলে তিনি সংযোগ কেটে দিয়েছেন।
ভিডিওতে দুই নারীকে দেখা গেছে। তাদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে গিয়েছিলেন ওই তরুণ। ভুক্তভোগী নারী কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানাচ্ছেন। তিনি বলেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে তাঁদেরকে হেনস্তা করা হয়। ওই নারী আরও বলেন, ‘ওরা আমাদের প্রোস্টিটিউট বলে সম্বোধন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ না… বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের মারে।’
শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া প্রথম আলোকে জানিয়েছেন, পুলিশ এখনও বিষয়টি সম্পর্কে অবগত নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ভিডিওটি দেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সত্যতা নির্ধারণের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


