বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের পর মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাম উদ্দিন শাহ দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মহির উদ্দিন শাহর ছেলে। মঙ্গলবার বিকেলে তিনি অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম দিকে একটি ধানক্ষেতের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর থেকে ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
সিএ/এমআর


