ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির এই জরুরি অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরও জেদ্দা যাচ্ছেন। বৈঠকে সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। আঞ্চলিক পরিস্থিতি, মুসলিম বিশ্বের অভিন্ন ইস্যু এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে এসব আলোচনায় গুরুত্ব পেতে পারে। সফর শেষে আগামী শনিবার (৬ ডিসেম্বর) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দেয় ইসরায়েল সরকার। একই সঙ্গে ওই এলাকাকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনার কথাও জানানো হয়। এই প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে ওআইসি।
সংস্থাটি মনে করছে, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনসংখ্যাগত ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বহুদিন ধরে আলোচিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াও এতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বৈঠকে ইসরায়েলি অবৈধ দখলদারত্বের অবসান এবং ফিলিস্তিন প্রশ্নে অভিন্ন কূটনৈতিক অবস্থান গ্রহণের বিষয়টি গুরুত্ব পাবে বলে কূটনৈতিক মহল ধারণা করছে।
সিএ/এমই


