জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগে দুদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শফিক আহমেদের আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ আছে কি না তা পরীক্ষা করা প্রয়োজন। এজন্য ২০১২-১৩ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি, স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ২০ নভেম্বর দুদক ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে। মামলার এজাহারে বলা হয়, অনুসন্ধানে শফিক আহমেদের নামে ১৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে ২ কোটি ৬৫ লাখ টাকা পাওয়া গেছে। ব্যয়সহ অর্জিত মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা। তার নামে ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার বৈধ আয়ের উৎস শনাক্ত করা হয়েছে। হিসাব অনুযায়ী ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।
মামলায় শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিএ/এমই


