মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে ঝটিকা অভিযান চালিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পাঁচ্চর ও সূর্যনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের বিভিন্ন বাসস্ট্যান্ডে একটি চক্র দীর্ঘদিন ধরে যাত্রীপ্রতি পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। এর ফলে ঢাকাগামী বাসের ভাড়া বেড়ে যাচ্ছিল। যাত্রীচাপ বাড়লে অনেক পরিবহন ভাড়া দ্বিগুণ করে দিত এবং ঈদ মৌসুমে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগও ছিল।
অভিযানের সময় সংসদ সদস্য যাত্রীদের অভিযোগ শোনেন এবং বাসচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি অবিলম্বে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন এবং বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।
এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘এই রুটে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। যাত্রীপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায় করা হতো, যা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। আমরা ভাড়ার সঠিক তালিকা তৈরি করে স্টপেজগুলোতে টাঙিয়ে দেব, যাতে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়।’ তিনি ঈদ মৌসুমে যাত্রীদের পাশে থাকার আশ্বাসও দেন।
সিএ/এমআর


