সরকার পরীক্ষামূলকভাবে আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কার্যক্রম শুরু করবে। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়ন ও একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে এবং কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা অনুদান হিসেবে পাবে।
সচিবালয়ে সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১৪টি উপজেলার প্রতিটিতে একটি করে ইউনিয়ন ও ওয়াডে ‘ইউনিভার্সেল ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে।
মন্ত্রী জানান, পবিত্র ঈদুল ফিতরের আগে অর্থাত্ ১০ মার্চ প্রধানমন্ত্রী কাজের উদ্বোধন করবেন। এরপর ধাপে ধাপে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, এই কার্ডের সুবিধা দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের জন্য তৈরি করা হয়েছে। কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য রাখা হবে না এবং এটি হবে সম্পূর্ণ ‘ইউনিভার্সেল’ কার্ড ব্যবস্থা। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে প্রায় চার মাস পাইলটিং কার্যক্রম চলবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রথমে একটি ওয়ার্ড, পরে একটি ইউনিয়ন এবং পরবর্তীতে আরও বিস্তৃতভাবে এ কর্মসূচির আওতায় আনা হবে এবং সারা বাংলাদেশ এই সুবিধা পাবে।
সিএ/এমই


