দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বন্দরের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম সহজ ও দ্রুততর করার ওপর গুরুত্ব দেন। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দরের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরলে কাস্টমস কমিশনার সেগুলো সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বৈধভাবে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানানো হয়।
রমজান মাসকে সামনে রেখে পণ্যের দাম সহনীয় রাখার বিষয়েও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। কর্মকর্তারা বলেন, বন্দর ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানো গেলে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এস এম সাইফুজ্জামান রাজীবের সভাপতিত্বে সভায় রংপুর ভ্যাট ও কাস্টমস কমিশনার মোহাম্মদ সফিউর রহমানসহ ব্যবসায়ী নেতা, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএ/এমআর


