ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসা একদল শিক্ষার্থী কার্যালয়টিতে ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সর্বশেষ ঘটনায় কার্যালয়ের ফটকের পাশের দেয়াল সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল নূর মোহাম্মদ আয়াস এ ভাঙচুরের নেতৃত্ব দেন। ভাঙচুর শেষে তারা ঘটনাস্থল ত্যাগ করলে পুলিশ সেখানে পৌঁছায়। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) কার্যালয় প্রাঙ্গণে এসে আওয়ামী লীগের কয়েকজন নেতা জাতীয় পতাকা উত্তোলন করেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, নিষিদ্ব আওয়ামী লীগ দলীয় কার্যক্রম চালাচ্ছে। তাদের এমন কাজ করতে দেওয়া হবে না। তাই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। এটিকে তারা পাবলিক টয়লেটে পরিণত করার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিএ/এএ


