প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান। এ সময় তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান।
সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছে প্রধানমন্ত্রী বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দিনের কার্যসূচি অনুযায়ী তিনি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারের সমন্বয় ও কার্যক্রম আরও শক্তিশালী করবে।
সিএ/এমআর


