স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মধ্যে কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বরাত দিয়ে জানা যায়, জব্দকৃত ইয়াবার পরিমাণ ১৫ লাখ ৩০ হাজার পিস, যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়ে শপথ নেন সালাহউদ্দিন আহমদ। এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
সর্বশেষ অভিযান শনিবার ভোরে বিজিবি কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করে। এর আগে শুক্রবার রাতে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আগের দিন, ১৮ ফেব্রুয়ারি, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপিতে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এছাড়া রামু থানা পুলিশ এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে এবং একটি বাড়ি থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করে।
বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সিএ/এএ


