প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার জন্য তাঁদের তারিখ ধার্য ছিল। কিন্তু নিঝুম ও রাহূল কেউ হাজির হননি। এ কারণে আমরা তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত শুনানি নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সুরভী বেগম নামের এক নারী এ মামলা দায়ের করেন। একই দিন আদালত ১৯ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মামলায় রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবিকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী সুরভী বেগমের সঙ্গে আসামি নিঝুম ও রাহূলের পূর্বপরিচয় ছিল এবং একসময় তাঁদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ভিত্তিতে ২০২০ সালের ১ অক্টোবর সুরভীর কাছে সাড়ে ১২ লাখ টাকা ধার চান নিঝুম ও রাহূল।
অভিযোগ অনুযায়ী, ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় মোট সাড়ে ১২ লাখ টাকা তাঁদের হাতে তুলে দেন সুরভী বেগম। দুই মাসের মধ্যে পুরো অর্থ পরিশোধের শর্তে একটি লিখিত চুক্তিও স্বাক্ষরিত হয়। চুক্তিতে উল্লেখ ছিল, নির্ধারিত সময়ে রাহূল অর্থ পরিশোধে ব্যর্থ হলে অথবা তাঁর মৃত্যু হলে তাঁর ভাই নান্নু ওই অর্থ পরিশোধ করবেন।
পরবর্তীতে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে আর্থিক সংকটে পড়েন। জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে গত বছরের ১ মে তিনি ধার দেওয়া অর্থ ফেরত চান। তবে অভিযোগ অনুযায়ী নিঝুম ও রাহূল অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানান।
এজাহারে আরও বলা হয়, ২২ সেপ্টেম্বর সুরভী বেগমের পক্ষে রুবিনা নিঝুম ও রাহূলের বনশ্রীর বাসায় গিয়ে টাকা ফেরত চাওয়া হলে তাঁরা তা দিতে রাজি হননি। বরং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে রুবিনা আক্তার নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সিএ/এমই


