বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম গ্রুপ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং তাঁর মা, গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমানসহ ছয়জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার গুলশান থানা–র ২০(০২)২৪ নম্বর মামলায় শুনানি শেষে তাঁদের অব্যাহতি দেন।
এর মধ্য দিয়ে সিমিন রহমান, শাহনাজ রহমানসহ ট্রান্সকম গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে শাযরেহ্ হকের দায়ের করা চারটি মামলার সব কটি থেকেই তাঁরা অব্যাহতি পেলেন।
অভিযোগ ও শুনানির বিবরণ
আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, শেয়ার হস্তান্তর জালিয়াতির মামলায় শেয়ার হস্তান্তর দলিল ফরম-১১৭ উদ্ধার বা বিশেষজ্ঞ পরীক্ষা ছাড়াই অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ২০২৩ সালের ছাপানো কিছু স্ট্যাম্পকে সংশ্লিষ্ট এফিডেভিট হিসেবে বিবেচনা করা হলেও, সংশ্লিষ্ট শেয়ার ২০২০ সালেই হস্তান্তর ও নিবন্ধিত হয়। ২০২৩ সালের স্ট্যাম্প আগের সময়ে ব্যবহারের প্রশ্ন ওঠে না।
আদালত অভিযোগ গঠনের উপাদান না পাওয়ায় আসামিদের অব্যাহতি দেন।
শেয়ার হস্তান্তর ও পারিবারিক সমঝোতা
ট্রান্সকম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ছিলেন লতিফুর রহমান। ২০২০ সালের ১২ জুন তিনি একটি ডিড অব সেটেলমেন্ট সম্পাদন করেন, যাতে পরিবারের সদস্যরা সম্মতিসূচক স্বাক্ষর দেন। পরবর্তী সময়ে তাঁর মালিকানাধীন ২৩ হাজার ৬০০ শেয়ারের মধ্যে ১৪ হাজার ১৬০টি সিমিন রহমান, ৪ হাজার ৭২০টি শাযরেহ্ হক এবং ৪ হাজার ৭২০টি আরশাদ ওয়ালিউর রহমানের নামে হস্তান্তর করা হয়।
শেয়ার হস্তান্তর-সংক্রান্ত ফরম-১১৭ জমা দিলে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) তা গ্রহণ করে শেয়ারহোল্ডারদের হালনাগাদ তালিকা প্রকাশ করে। লতিফুর রহমান ২০২০ সালের ১ জুলাই মারা যান।
অন্যান্য মামলা
২০২৪ সালের ফেব্রুয়ারিতে শাযরেহ্ হক একই ধরনের অভিযোগে গুলশান থানায় একাধিক মামলা করেন। এর একটি হত্যা মামলা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের সত্যতা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়, যা আদালত গ্রহণ করেন।
ডিড অব সেটেলমেন্ট জালিয়াতির অভিযোগে করা আরেক মামলায় সিআইডির বিশেষজ্ঞ মতামতে সংশ্লিষ্ট স্বাক্ষর সঠিক বলে প্রতীয়মান হয়। সেখানেও আদালত আসামিদের অব্যাহতি দেন।
আজকের আদেশের মাধ্যমে চারটি মামলার সবগুলো থেকেই সিমিন রহমান, শাহনাজ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অব্যাহতি পেলেন।
সিএ/এমই


