খুলনার নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন ও দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিতরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সদর থানার শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই কার্যালয়ে একদল ব্যক্তি প্রবেশ করে। তারা অফিসের দুই তলায় ওঠে, দলীয় নেতাদের ছবি টাঙায় এবং জাতীয় পতাকা উত্তোলন করে। এসময় উপস্থিতরা স্থানীয় দোকানদারদের জানান, শিগগিরই কার্যালয়ের উন্নয়ন কাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম পুনরায় চালু করা হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর খুলনায় প্রথমবারের মতো আওয়ামী লীগের কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। অফিস তালাবদ্ধ ছিল। তিনি জানান, সিসি ক্যামেরা পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হলে আইনের আওতায় আনা হবে।
সিএ/এমআর


