নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বাংলাদেশে নতুন সরকার গঠনের আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে উল্লেখ করেছে, আসন্ন সরকারের উচিত মুক্ত গণমাধ্যমের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া।
সিপিজে জানিয়েছে, নির্বাচনের আগে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে তারা আলাদা করে চিঠি পাঠিয়েছিল। চিঠিতে সাংবাদিকদের সুরক্ষা, সহিংসতার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। এখন নতুন সরকারের উচিত এসব সুপারিশ বাস্তবায়ন করা।
নির্বাচনের আগে, ২৯ জানুয়ারি, সিপিজে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টি-কে আলাদা করে চিঠি লিখে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জনসমক্ষে প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানিয়েছিল। বিশেষভাবে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ফৌজদারি বা জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহার থেকে বিরত থাকার অঙ্গীকার চাওয়া হয়েছিল।
চিঠিতে সিপিজে জানিয়েছে, নির্বাচনপূর্ব সময়ে সাংবাদিকদের ঝুঁকি বেড়ে গেছে। সংবাদমাধ্যমে হামলা, হুমকি, রাজনৈতিক মেরুকরণ ভিত্তিক হয়রানি এবং পাঁচ সাংবাদিকের কারাবরণের ঘটনা তাদের গবেষণায় উঠে এসেছে। এছাড়া গত ডিসেম্বরে দেশের শীর্ষ সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে সংঘটিত ‘মব’ হামলার ঘটনা বিশেষভাবে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। আগুনে পুড়তে থাকা ভবনে সাংবাদিকদের আটকে পড়ার ঘটনাও সংগঠনের নজরে এসেছে।
সিপিজে ডিজিটাল হয়রানি, আদর্শগতভাবে চিহ্নিত আক্রমণ এবং সমন্বিত বিদ্বেষমূলক প্রচারণার বিষয়টিও তুলে ধরেছে। সংগঠনটির মতে, এসব ঘটনা সাংবাদিকদের পেশাগত কাজ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে সম্পর্কিত বলে প্রতীয়মান হয়েছে।
সিএ/এমআর


