ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল নিয়ে ভোটার ও প্রার্থী কেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন, তবে গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ভোটার, প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, কিন্তু গোপন কক্ষে ছবি তোলা যাবে না। শুধুমাত্র পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকবে।”
তিনি আরও জানান, নির্বাচনে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। এর মধ্যে ৬০ জন এসেছেন তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে। আল জাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে ও এপি থেকেও সাংবাদিক উপস্থিত থাকবেন। এছাড়া ইইউ থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
আখতার আহমেদ বলেন, “রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ মোবাইল নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিছু মিসকমিউনিকেশন হয়েছিল, তবে আমরা লিখিতভাবে স্পষ্ট করেছি যে মোবাইল নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে।”
সচিব জানান, বরগুনা ও ফরিদপুর-১ আসনের ব্যালটে কিছু সংশোধন করা হয়েছে। তিনি ভোট প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার বিষয়ে বলেন, “রেজাল্ট ডিলে হওয়ার যৌক্তিক কারণ নেই। ব্যালট গণনার সময়কে দেরি বলা যাবে না।”
ভোট ও নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি আশ্বাস দেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো ঘটনা ঘটেনি। দুইটি প্রাণহানির ঘটনা দুঃখজনক, যা নিন্দনীয়। মিছিল-মিটিং ও বক্তব্য পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ, যা শালীনতার মধ্যে রয়েছে।”
সিএ/এসএ


