লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন দেড় শতাধিক মানুষ। জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় তাদের বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ, নাসির উদ্দিন মাহামুদ, জামায়াতের যুব বিভাগের শহর সভাপতি নাছির উদ্দিন ও আইনজীবী নেতা মাহির আসহাব প্রমুখ।
জামায়াতে যোগ দেওয়া কয়েকজনের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তারা হলেন লক্ষ্মীপুর পৌর যুবদল সদস্য মেহেদী হাসান হেদায়াত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন ও সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা।
জোবায়ের হোসেন সুজন বলেন, ‘আমি স্বেচ্ছাসেবক দলে ছিলাম। এখন জামায়াতে যোগ দিয়েছি। এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে।’
তবে স্থানীয় বিএনপির দাবি, জামায়াতে যোগদানকারী কেউ তাদের দলের সঙ্গে জড়িত ছিলেন না। লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ‘লোকগুলো আগে থেকেই জামায়াতেরই ছিল। এখন দেখাচ্ছে অন্য দলের। আমি তাদের কাউকে চিনি না।’
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন বলেন, ‘নিশান মোল্লা আমাদের দলের কোনো পদে ছিলেন না। উনি অনেক আগে জামায়াতের রোকন হয়েছেন। আজকের যোগদান সিল দেওয়ার নাটক আড়াল করার জন্য সাজানো হয়েছে।’
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।’
সিএ/এমই


