পিরোজপুরের জিয়ানগরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় (২ ফেব্রুয়ারি) জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর আবাসন এলাকায় ধানের শীষ মার্কার নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ আলটিমেটাম দেন।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল হাই একটি মিটিংয়ে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়।
জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেছেন, এই বক্তব্যের জন্য কটূক্তিকারীকে ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদীকে বক্তব্যকারীর বিচারের দাবি জানান। তিনি বলেন, ‘আমার দলের চেয়ারপারম্যানকে নিয়ে একজন উপজেলা পর্যায়ের জামায়াত নেতা কীভাবে এমন বাজে ও রুচিহীন মন্তব্য করার সাহস পান।’
উঠান বৈঠকে বক্তারা আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির সামনে উপজেলার মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জেলা কৃষকদলের সভাপতি বাচ্চু, যুবদল নেতা রিয়াজ সরদার, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক দল সভাপতি আবুল কালাম প্রমুখ।
উঠান বৈঠকটি পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সিএ/এএ


