কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-হোমনা সড়কের পূর্ব পাশে বাজারের কাঠপট্টি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় চার কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি ফার্নিচারের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে পরে হোমনা ও চান্দিনা উপজেলা থেকে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়।
আগুনে ১০টি ফার্নিচারের দোকান, একটি ইলেকট্রিক ও এসি শোরুম, দুটি অটোরিকশা গ্যারেজ এবং কয়েকটি গোডাউনসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে থাকা সব মালামাল আগুনে ধ্বংস হয়ে যায়।
ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। ফার্নিচার মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের দোকানগুলোতে ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘দাউদকান্দি, হোমনা ও চান্দিনা উপজেলার ৯টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, ‘গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেনি।’
সিএ/এএ


