জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম ব্যাহত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতার হামলায় সংসদের ভেতরের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়া এই সমস্যার একটি কারণ হতে পারে।
রোববার বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরু থেকেই মাইকে সমস্যা দেখা দিলে স্পিকার এবং সংসদ সদস্যরা একে অপরের বক্তব্য স্পষ্টভাবে শুনতে পারছিলেন না। পরিস্থিতি বিবেচনায় বিকেল ৫টা ৫৬ মিনিটে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়।
স্পিকার বলেন, একইসাথে ফ্যাসিবাদের আমলে ২০২২ সালে সংসদীয় মাইক স্থাপন করা হয়। মাইকের ওয়ারেন্টি বা মাইকের কার্যক্রম কতদিন থাকবে তার কোনো কাগজপত্র মিলছে না।
তিনি আরও বলেন, এরইমধ্যে সংসদ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সেই কোম্পানির সাথে যোগাযোগ করেছে কিন্তু তারা এটা ঠিক করার কোনো আগ্রহ দেখাচ্ছে না। আবার স্থানীয় যারা তাদের সাথে জড়িত ছিলেন এ কাজে, তারাও দায়সারা ভাবে কাজ করছেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতে সংসদ কার্যক্রম চলাতে হচ্ছে।
মাইকে বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে বলেন, স্পিকার আমাদের মাইকে সমস্যা দেখা যাচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে অধিবেশন সাময়িকভাবে মুলতবি করেন।
স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের আজান এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ এবং শুরু থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা যাচ্ছে বলে জানা গেছে।
সিএ/এমআর


