সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত দফতরে না গিয়ে তিনি হেঁটে বিভিন্ন ভবনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
রোববার সকাল ৯টার পর সচিবালয়ে পৌঁছে তিনি প্রথমে ৬ নম্বর ভবনে যান। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।
পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি ও সেবার মান সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার জন্য এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ।
এদিকে, একই দিনে প্রধানমন্ত্রীর একাধিক নির্ধারিত কর্মসূচি রয়েছে। এর মধ্যে কৃষক কার্ড সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা অংশ নেবেন।
সিএ/এমআর


