কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি আয়াতেই রয়েছে গভীর তাৎপর্য, যা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। কিছু আয়াত এমন রয়েছে, যা মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ (১৬) اعْلَمُوا أَنَّ اللَّهَ يُحْيِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ (১৭)
“যারা ঈমান এনেছে, তাদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে, আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে? এবং তারা তাদের মত হবে না, যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল অতঃপর যখন তাদের ওপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল এবং তাদের অধিকাংশই অবাধ্য। ভালোভাবে বুঝে নাও, আল্লাহই ভূমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন। আমি তোমাদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছি, যাতে তোমরা বুদ্ধিকে কাজে লাগাও।”-(সূরা হাদীদ, আয়াত ১৬-১৭)
ইসলামের ইতিহাসে এই আয়াতগুলোর প্রভাব সুদূরপ্রসারী। বর্ণনায় জানা যায়, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) এই আয়াত তেলাওয়াত করে গভীরভাবে আবেগাপ্লুত হতেন।
একইভাবে হজরত ফুযাইল ইবনে আয়ায রহ.-এর জীবনের পরিবর্তনের ঘটনাও উল্লেখযোগ্য। জীবনের এক পর্যায়ে তিনি বিপথগামী ছিলেন। এক রাতে এই আয়াত শুনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন এবং নিজের জীবনধারা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি একজন সম্মানিত আলেম ও সাধক হিসেবে পরিচিতি লাভ করেন।
এই আয়াতগুলো মানুষের হৃদয়কে নরম করতে, গাফলত থেকে জাগ্রত হতে এবং আল্লাহর স্মরণে ফিরে আসতে আহ্বান জানায়। দীর্ঘ সময় সত্য থেকে দূরে থাকলে হৃদয় কঠিন হয়ে যেতে পারে—এ বিষয়েও সতর্ক করা হয়েছে।
আল্লাহর স্মরণ ও কোরআন তিলাওয়াত হৃদয়ের কঠোরতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সত্য গ্রহণে নম্রতা ও আত্মসমর্পণের মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
সিএ/এমআর


