কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি। অপরাধী যে কেউ হোক, তাকে আইনের আওতায় আনতে হবে এবং অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই।
বৃহস্পতিবার (৫ মার্চ) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ড. মোশাররফ আরও বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন এবং জনকল্যাণে প্রতিটি কার্যক্রম সততা ও ন্যায্যতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
তিনি সতর্ক করেছেন, জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত শৈথিল্য বা অনিয়ম বরদাশত করা হবে না। ড. মোশাররফ বলেন, জনগণের সহযোগিতায় আগামী পাঁচ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতির স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। এতে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।
মতবিনিময় সভার শুরুতে দাউদকান্দির ইউএনও এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
সিএ/এএ


