রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেসসচিব জানান, আজ সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত একটি ব্যানার তৎক্ষণাৎ সরিয়ে ফেলার নির্দেশ দেন। রাজধানীর বিভিন্ন বিলবোর্ড ও কোম্পানি কর্তৃক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত ছবি সম্বলিত বিজ্ঞাপনগুলোও দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল, যা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।
ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীর যানজট নিরসন ও সড়কে যানবাহনের গতি-প্রকৃতির ওপর একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীকে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পরে ভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীতে যানবাহনের গতি বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, আগে রাজধানীর যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪.৫ কিলোমিটার, যা পায়ে হাটা গতির সমান। বর্তমানে ভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে গতি বেড়ে ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।
সিএ/এএ


