ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পৌরসভার বাটিকাডাঙ্গা মোড়ে অবস্থিত ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, ওই এলাকায় ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়ার পরিকল্পনা থাকায় বুধবার বেলা ১১টার দিকে বাটিকাডাঙ্গা মোড়ে অবস্থিত ওয়ার্ড কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রদল, যুবদলসহ সব ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন যাতে কার্ড যথাযথভাবে দরিদ্রদের মধ্যে বিতরণ করা যায়।
সভায় উপস্থিত নেতা উজ্জ্বল হোসাইন জানান, আবুল হোসেন নামের একজন কর্মী মিটিংয়ে না ডাকা হওয়ায় ক্ষিপ্ত হয়ে কার্ডের অংশ দাবি করে। এর পর বাগ্বিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয় এবং সন্ধ্যার পর ওয়ার্ড কার্যালয়ের সামনে উভয় পক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে শেখ তরিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
পুলিশ ও সেনাসদস্যরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র্যাব সদস্যরাও সেখানে উপস্থিত হন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিএ/এমই


