চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু লুট করতে এসে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম চন্দন দে (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি ডাকাত দল এলাকায় হানা দেয়। তারা বিভিন্ন বাসিন্দার গোয়ালঘর থেকে গরু লুট করে নিয়ে যেতে থাকে। একপর্যায়ে চন্দন দের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় চন্দন দেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ বলেন, চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতেরা এর একটি গরু নিয়ে গেছে। পাশাপাশি পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করে নিয়ে যায় তারা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিএ/এমই


