পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৎকালীন সরকার (আওয়ামী লীগ) এই জঘন্য হত্যাকাণ্ডের উদ্দেশ্য খুঁজে বের করতে দুটি কমিটি করেছিল। তবে সেই কমিটির প্রতিবেদন শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। পরে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। সেই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা পড়ে, কিন্তু বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। বর্তমানে তা সংশোধন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার পর নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। যেহেতু ইতিমধ্যেই জাতীয় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের নিয়ে। কমিশনের প্রতিবেদন থেকে দেখা গেছে, ৭০টির মতো সুপারিশ এসেছে, যার অনেকগুলো বাস্তবায়নাধীন। বিচারাধীন মামলাগুলোও ধাপে ধাপে সম্পন্ন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পরিবার ও জনগণকে আশ্বস্ত করে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে।
তিনি আরও মন্তব্য করেন, এই ঘটনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্য রয়েছে তাদেরই, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা দেশকে দুর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিএ/এমই


